• প্রেস বিজ্ঞপ্তি
    রামিসা হত্যাসহ নারী সহিংসতার প্রতিবাদে ফেনী ইউনিভার্সিটিতে প্রতিবাদ কর্মসূচি ফেনী ইউনিভার্সিটি, ২২ মে ২০২৬: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশব্যাপী নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে ফেনী ইউনিভার্সিটিতে এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২২ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্মুখে ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা নারী ও শিশুদের ওপর চলমান নৃশংসতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও গভীর শোক প্রকাশ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রামিসা হত্যার দ্রুত বিচার, অপরাধীদের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ এবং সমাজ থেকে এই ধরণের পাশবিকতা নির্মূলের পক্ষে জোরালো দাবি জানান। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম এবং ট্রেজারার ড. মাসুদুল হক চৌধুরী গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, শিশু রামিসার ওপর যে পাশবিক ও নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা মানবতার চরম অবক্ষয়। এমন জঘন্য অপরাধ কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে প্রচলিত আইনের অধীনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়, যাতে ভবিষ্যতে কেউ এমন হীন কাজ করার দুঃসাহস না দেখায়। একই সাথে দেশে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার সম্পন্ন এবং সামাজিক সচেতনতা জোরদার করার ওপর তাঁরা বিশেষ গুরুত্বারোপ করেন। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক আহমদ মাহবুব-উল-আলম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোস্তাফিজুর রহমান ও রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুবুর রহমান টিপু, আইন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. আয়াতুল্লাহ, প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজুর রহমান, ছাত্র উপদেষ্টা সুদীপ দাস, সিনিয়র সেকশন অফিসার (জনসংযোগ) মো. আশিকুর রহমান, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীগণ এই মানববন্ধনে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।